জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তেমন কিছু নিতে না পারলেও বেশ কাগজপত্র তছনছ এবং অল্প কিছু টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। এ সময় তারা হাসপাতালের অফিসকক্ষ, ল্যাবসহ মোট ছয়টি কক্ষের তালা ভেঙে ফাইল কেবিনেট ও আলমারি ভেঙে সব কাগজপত্র তছনছ করে।
পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে অফিস খুলতে গিয়ে তালা ভাঙা দেখে অফিস সহকারী আমাকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি অফিসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে। অফিসকক্ষহ ওই কমপাউন্ডের মধ্যে থাকা মোট ছয়টি কক্ষের তালা ভেঙে ভেতরে রাখা কেবিনেট ও আলমারি ভেঙে সব কাগজপত্র তছনছ করেছে তারা। কোনও কাগজপত্র তারা নিয়ে গেছে কিনা এখনও বুঝতে পারছি না। সেই সঙ্গে অল্প কিছু টাকা পাওয়া যাচ্ছে না, সেগুলো নিয়ে যেতে পারে তারা। স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে, তারা ইতোমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









