অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টির প্রতিবাদে এবং উদ্ভুত সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে সকল ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনতে হবে। বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন স্কেল অবশ্যই সংশোধন করতে হবে। তা না হলে আমরা চরম বৈষম্যের শিকার হবো।’
অভিযোগ করে বলেন, ‘বিতর্কিত ও বিভেদমূলক বেতন স্কেল ঘোষণা করে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র গ্রহণযোগ্য হতে পারে না।’
উল্লেখ্য, মানববন্ধন শেষে আইডিইবি’র ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ৬ দফা দাবির একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হক, ঢাকা ওয়াসা ডিই’র সাধারণ সম্পাদক মো. আরমান ভূঞা, পিডিবি’র ডিপ্রকৌস-এর সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন, সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ প্রমুখ।
/এসআইএস/এফএ/








