প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীদের এসএসসিতে অংশ নেওয়া অনিশ্চিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ০০:১০আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০০:১৩

প্রধান শিক্ষকের অবহেলায় নির্ধারিত তারিখের মধ্যে ফরম পূরণ না হওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবি, তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দিলেও তিনি ফরম পূরণ করে জমা দেননি। এই পরিস্থিতিতে নিজেদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, নন্দুনেফরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর ওই বিদ্যালয় থেকে ২৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে তিন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এবং অপর ২৫ শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিলম্ব ফিসহ গত ১৫ এপ্রিল তাদের ফরম পূরণের শেষ দিন ছিল।

এদিকে ইউএনও নূর-এ-জান্নাত রুমি জানিয়েছেন, তিনি মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগপত্র পাওয়ার পরপরই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ইউএনও।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যথাসময়ে ফরম পূরণের টাকা জমা দিলেও তিনি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের ব্যবস্থা করেননি। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলে তিনি (প্রধান শিক্ষক) জানিয়েছেন, কীভাবে ফরম পূরণ করবেন সেটি তার বিষয়। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না হওয়ার পরও কীভাবে পরীক্ষায় অংশ নেবে এ নিয়ে মারাত্মক মানসিক চাপে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা আরও দাবি করেন, প্রধান শিক্ষকের একই ধরনের অবহেলার কারণে ২০০০ সালেও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ বছরও একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফিরোজ শাহ আলম বলেন, ‘করোনা পরিস্থিতিতে ফরম পূরণ স্থগিত সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ পড়ে আমি শিক্ষার্থীদের ফরম পূরণ স্থগিত রেখেছিলাম। তবে এ বিষয়ে কোনও দাফতরিক চিঠি পাইনি। পরে নির্ধারিত তারিখ শেষে বোর্ডে যোগাযোগ করলে আমাকে বোর্ড থেকে ফরম পূরণের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাদের ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হবে এবং তারা পরীক্ষায় অংশও নিতে পারবে।’

উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি প্রধান শিক্ষককের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন, বোর্ডে কথা বলে তিনি আগামী সপ্তাহে শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা করবেন। বোর্ডে যোগাযোগ করে যেকোনও উপায়েই ভুক্তভোগী শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘কোনও বিদ্যালয়ে এ ধরনের ঘটনা না ঘটলেও ওই প্রধান শিক্ষক কেন এটা করলেন তা বোধগম্য নয়। আমি মনে করি, তিনি বড় ধরনের অপরাধ করে ফেলেছেন। পরীক্ষায় অংশ নেওয়া কিংবা অটো পাস দুটো প্রক্রিয়ার জন্যই শিক্ষার্থীদের ফরম পূরণ জরুরি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী