বগুড়ায় আদম আলী পেস্তা (৩০) নামে এক জুয়েলারি শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পানে তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।
সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভুঞা জানান, পরিবারের সদস্যদের ধারণা, অ্যালকোহল পান করে অসুস্থ হয়েছিলেন পেস্তা। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জুয়েলারি শ্রমিক আদম আলী পেস্তা বগুড়া সদরের ধরমপুর মসজিদপাড়ার মৃত ইউনুস মেম্বরের ছেলে। তিনি মাঝে মাঝে মদপান করতেন। শনিবার রাতে মদপান করে বাড়ি ফেরেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা গোপনে বাড়িতে চিকিৎসা দিতে থাকেন। রবিবার সন্ধ্যার দিকে বেশি অসুস্থ হলে তাকে গোকুল এলাকায় বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ওই হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম রুবেল জানিয়েছেন, ওই ব্যক্তি অ্যালকোহল পানে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। ভর্তির আগে পরিবারের সদস্যরাও তাই জানিয়েছেন।
গত জানুয়ারি মাসে বিষাক্ত অ্যালকোহল পানে এ জেলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল। এ ব্যাপারে একাধিক মামলা হয়। পুলিশ পাঁচ জনকে গ্রেফতার ও কয়েকটি হোমিও ল্যাবরেটরি বন্ধ করে দেয়। বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করে ধ্বংস করেছিল। এরপরও এ জেলায় বিষাক্ত অ্যালকোহল বিক্রি বন্ধ হচ্ছে না।









