মোংলায় চলছে তৃতীয় দিনের কঠোর করোনা বিধিনিষেধ। তবে প্রথম দিনের তুলনায় তৃতীয় দিনে মঙ্গলবার (১ জুন) অনেকটা ঢিলেঢালাভাবে বিধিনিষেধ মানা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ভোর থেকে সকাল ৯টা ১০টা পর্যন্ত সব দোকানপাট খোলা থাকছে। ১০টার দিকে প্রশাসন বের হলে সেগুলো বন্ধ রাখছেন দোকানিরা। আবার মাঝে-মধ্যে খুলে বসেও থাকছেন। খোদ উপজেলার পরিষদের সামনেই খোলা রয়েছে কয়েকটি দোকান। বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘আমি এখনই বন্ধ করে দিচ্ছি।’
এদিকে মঙ্গলবার সকাল থেকে পৌর শহরে ঘুরে দেখা গেছে, বন্ধ দোকানগুলোর অর্ধেক অংশ খোলা রাখা রয়েছে। যানবাহন ও মানুষের চলাচলও বেশি। ভিড় রয়েছে প্রতিটি মোড়সহ মাছ-মাংস ও মুদি দোকানগুলোতে। ক্রেতা-বিক্রেতারা ছিলেন মাস্ক বিহীন। প্রশাসনের নজরদারিও কম।









