হবিগঞ্জের চুনারুঘাটে ইকোনমিক জোন স্থাপনের প্রতিবাদে ২৩টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছে। ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে রবিবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। এছাড়া শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা করে ধর্মঘট আহ্বান করেছে। আগামী ২১ জানুয়ারি থেকে সব চা বাগানে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে মহাসড়ক অবরোধের হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় ভূমিরক্ষা কমিটির সদস্য সচিব নিপেল পাল জানান,সারা দেশের প্রতিটি চা বাগানে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হচ্ছে। তিনি জানান,আগামী ২৫ জানুয়ারির মধ্যে ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে মহাসড়কের হবিগঞ্জ,মৌলভীবাজার ও সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হবে। শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করবে।
তিনি বলেন, ‘চা শ্রমিকের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনও অবস্থায় ধানী জমিতে ইকোনমিক জোন স্থাপন করতে দেওয়া হবে না।’
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কাঞ্চন পাত্র জানান,সোমবার আবারও বিক্ষোভ সমাবেশ করবে শ্রমিকরা। একুশ জানুয়ারির পর থেকে কোনও বাগানে শ্রমিকরা কাজ করবে না। অনির্দিষ্টকালের ধর্মঘট থাকবে। ২৫ জানুয়ারি সব শ্রমিকরা মহাসড়কে অবস্থান করবে। তারা আশা করছেন ২৫ জানুয়ারির মধ্যে সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।
উল্লেখ্য চুনারুঘাট উপজেলার চানপুর ও বেগমগঞ্জ চা বাগানের ২৫ একর জমিতে সরকার ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই শ্রমিকরা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। ফলে লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানে উৎপাদন ব্যাহত হচ্ছে।
/জেবি/এফএস/








