ফরিদপুরের ভাঙ্গায় বিরোধ মিটিয়ে শান্তি সমাবেশে দেশী অস্ত্র জমা দিলেন দুই দল গ্রামবাসী। এ সময় দুই পক্ষের লোকজন কিছু ঢাল-সড়কি পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ওয়াদা করেন ভবিষ্যতে কোনও সংঘাতে জড়িত হবেন না। গত শনিবার (১৪ আগস্ট) শান্তি সমাবেশের আয়োজন করা হয় বলে জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান।
জানা গেছে, উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধে বিভিন্ন সময় দুই পক্ষই ঢাল-সড়কি নিয়ে বিরোধে লিপ্ত হতো। এতে অনেকেই আহত হওয়ার পাশাপাশি অসংখ্য মামলায় জড়িয়ে পড়েন। এই বিরোধ নিরসনে হামিরদী ইউনিয়ন ও মানিকদাহ ইউনিয়নের সর্বসাধারণকে নিয়ে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। তবে হস্তান্তর করা ঢাল-সড়কির পরিমাণে ফরিদপুর জেলার পুলিশ সুপার মহোদয় সন্তুষ্ট না হওয়ায় আগামী ২০ আগস্ট পর্যন্ত অস্ত্র দেওয়ার সময় বাড়ানো হয়।
ওসি জানান, যাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র আছে তা থানায় হস্তান্তরের জন্য অনুরোধ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। আগামী ২০ আগস্টের পরে কারও হেফাজতে কোনও প্রকার দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মানিকদাহ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







