সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করে এক আদেশ জারি করেন। আদালত আজ এই মামলার বাদীসহ ১৫ জন সাক্ষীকে আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্য দিতে নোটিশ জারি করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গত ২৬, ২৭ ও ২৮ জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের কারণে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে ওই তারিখে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। কিন্তু গত ১১ আগস্ট থেকে লকডাউন তুলে নিলে আদালতের কার্যক্রম শুরু হওয়ায় জেলা ও দায়রা জজ পুনরায় এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। ওই তারিখে বাদীসহ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু করবেন আদালত।
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।
আলোচিত এই মামলার অভিযোগ গঠন ও ছয় আসামির জামিন শুনানি ছিল আজ। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা শুনানি চলে। এতে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপন শেষে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের দিন নির্ধারণ করে এ আদেশ দেন।









