গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় মাওনা-বরমী সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল জানান, বরমী থেকে মাওনাগামী মাটি বহনকারী ড্রাম ট্রাকটি ওই সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী বরমী পাইটালবাড়ী এলাকার মৃত হোসেন আলীর ছেলে মহরম আলী (৬৫) নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আহতদের মধ্যে ড্রাম ট্রাকের চালকও রয়েছেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি পুলিশ হেফাজতে থানায় রয়েছে।









