নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আলীম উদ্দিন চৌধুরী নামে এক সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ কোর্ট আদালতের বিচারক এএনএন মোর্শেদ আলম খান জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বুধবার সন্ধ্যায় জেলা দুদকের আইনজীবী আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, আলীম উদ্দিন চৌধুরী চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে ৪৯ লাখ ২৭ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় তৎকালীন চাটখিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান ২০১৬ সালের ১৩ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর জেলা দুদক কার্যালয় তদন্ত করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
ঘটনার পর থেকে আলীম ৬ বছর ৪ মাস ২৪ দিন পলাতক ছিলেন। ৬ বছর পরে আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








