রাতের মধ্যেই কুমিল্লা সিটি করপোরেশন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১০ জুলাই) দুপুর ২টা থেকে ২৭টি ওয়ার্ডে একসঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সমন্বয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা কাজ করছেন। এ জন্য বর্জ্য ব্যবস্থপনার জন্য ১২ হাজার পলিবস্তা ও ৯ হাজার সাধারণ বস্তা প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ হয়েছে। ২৭ ওয়ার্ডে ২৭টি ট্রাক সার্বক্ষণিক চলমান রয়েছে। এছাড়া প্রধান সড়ক থেকে আরও ছয়টি ট্রাকে বর্জ্য সরানোর কাজ চলছে। সিটি করপোরেশন এলাকায় প্রায় ৪০০ শ্রমিক বর্জ্য অপসারণে কাজ করচে।
সিটি করপোরেশনের কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রাতের মধ্যেই আমরা সিটির পুরো এলাকার বর্জ্য অপসারণ করবো। এখনও মাঠে আছি। যদি কোনও এলাকায় বর্জ্য থেকে যায় তাহলে আমাদের জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদের পরের দু’দিনও মোবাইল টিম, ট্রাক ও শ্রমিক মাঠে থাকবেন বেল জানান তিনি।









