ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। শনিবার সকালে ক্লাস চলাকালীন হঠাৎ করেই তারা অসুস্থ হয় বলে জানা গেছে। এদের মধ্যে ২৩ জন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান সরদার জানান, ‘সকালে ক্লাস শুরুর পর হঠাৎ করে ৭ম শ্রেণির একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরক্ষণে একের পর এক শিক্ষার্থী অজ্ঞান হতে থাকে। তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।’
অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় দশম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার, অষ্টম শ্রেণির স্বর্না, তন্নী, রাফি রহমান, সপ্তম শ্রেণির মুন্নি আক্তার, সাথী আক্তার, মেঘলা, উমাইয়া, মৌ, নিলা আক্তার, ঘোষি, রাফেজা, নাসরিন, দিশা, সাথী আক্তারী, শিলা, মুক্তি, ষষ্ঠ শ্রেণীর সাফিয়া ও সাকিব আহম্মেদসহ ২৩ জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ বলেন, বিদ্যালয়টিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিরবামপুর আর ডি একাডেমি এবং খলিলপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী স্কুল চলাকালীন হঠাৎ অজ্ঞাত রোগের কারণে অসুস্থ হয়। এর ফলে ৫৭টি স্কুল দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
/এআর/টিএন/







