নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এই সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল। রবিবার (২৩ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এ বিষয়ে মির্জা আজম বলেন, ‘আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে বৃষ্টি পড়বে। এ কারণে মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হলো।’
এর আগে ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল।
জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল।








