কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাতে ক্যাম্প-১৭-এর সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ক্যাম্প ১৭-এর সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লার ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ কাসিমের ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ। তিনি জানান, ভোররাতে ক্যাম্প ১৭-এর সি-ব্লকের এইচ/৭৬-এ দুই জন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সে সময় ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। গুরুতর আহত অবস্থায় আয়াত উল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।









