কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে তিন জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়েছে। দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন– বাগেরহাটের মোল্লাহাটের গাংনি এলাকার মিকরাইল উল্লাহ(২২), সহিদুল শেখ (২২) এবং দাউদকান্দির পেন্নাই এলাকার আজহারুল ইসলাম(৪০)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, ও সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় তাতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করছিল তারা। অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সূত্র জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক, দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’, যা দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।









