‘আগে মশা মারেন, পরে পাবেন ট্যাক্স’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৯

‘দিনেও মশা রাতেও মশা, মশার জ্বালায় বাঁচি না। আগে মশা মারেন, পরে পাবেন ট্যাক্স।’ ক্ষোভের সঙ্গে ময়মনসিংহ প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের এই কথাগুলো বলছিলেন মহানগরীর ৪৬ রামবাবু রোডের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে সেলিম আহমেদ।

সেলিম জানান, গত চার বছর ধরে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার বাসার আশেপাশে মশা নিধনের কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তার এলাকায় ঝোপ-জঙ্গল থাকায় দিনে-রাতে মশার অত্যাচারে সেখানকার বাসিন্দাদের বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। অথচ নিয়ম অনুযায়ী জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানোসহ নানা উদ্যোগ নেওয়ার কথা। মশা নিধনের জন্য বিপুল অংকের বাজেট বরাদ্দ থাকলেও তা নগরবাসীর কোনও কাজে আসছে না।

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন আমার বাসার হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়াসহ ৯ হাজার টাকা পাবে। ট্যাক্সের টাকা দেওয়ার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীরা আমার বাসায় এসেছিলেন। আমি তাদের ফিরিয়ে দিয়ে বলেছি, আগে মশা মেরে আমাদেরকে রক্ষা করেন, এরপরে আসবেন ট্যাক্সের টাকার জন্য।’

মশার উপদ্রবের অভিযোগ শুধু সেলিমের না, একই অভিযোগ অধিকাংশ নগরবাসীর। নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকার বাসিন্দা শহীদ মিয়া বলেন, ‘এলাকার অলিগলিতে ড্রেনের নোংরা ময়লা আশপাশে সড়কে জমে থাকে। দিনের পর দিন পড়ে থাকলেও তা পরিষ্কার করা হয় না। এ কারণে মশার উপদ্রব বেশি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ মশা নিধনে নিয়মিত ওষুধ না ছিটানোর কারণে মশার উপদ্রব বেড়েই চলেছে। তিন-চার মাস আগে একবার কর্মচারীরা এসে স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটিয়েছিল। এরপর আর তাদের দেখা যায়নি।’

বাঁশবাড়ি কলোনি এলাকার বাসিন্দা কামরুল জানান, নিয়মিত ওষুধ না ছিটানোর কারণে মশার উপদ্রব বেড়েছে। দিনে-রাতে মশার উপদ্রবে কলোনির বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। নিয়মিত মশার ওষুধ ছিটানোর দাবি করেছেন তিনি।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মশা নিধনের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বর্তমান সময় পর্যন্ত ব্যয় করা হয়েছে ১৫ লাখ টাকা। রয়েছে ফগার মেশিন এবং স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটানোর খরচ, কর্মচারীদের দৈনিক হাজিরার টাকা প্রদানসহ অন্যান্য খরচ।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানোসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের গতি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি