ভক্ত ও গুণগ্রাহীদের ভালোবাসার মুগ্ধতায় শেষ হলো বাউল শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন উৎসব। শুক্রবার ৩ দিনব্যাপী এ উৎসবে শেষদিনে সিলেটে জেলা স্টেডিয়াম ভর্তি হাজারো মানুষ উপস্থিত ছিলেন। শেষদিনে সঙ্গীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত লোকগানের দল ‘দোহার’।
দলীয় পরিবেশনায় ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’ এবং ‘আসি বলে গেলো বন্ধু আইলো না’ গানের মধ্যে দিয়ে শুরু হয় শেষ দিনের পরিবেশনা।
শেষ দিনে বক্তব্য রাখেন ড. রাজীব কর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীন ও তাড়লের চেয়ারম্যান নুরুল হক তালুকদার। পরে বাউল শাহ্ আবদুল করিমের জীবন ও দর্শনের উপর প্রখ্যাত নির্মাতা শাকুর মজিদ নির্মিত তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’ প্রদর্শিত হয়।
শেষ দিনে বাউল শাহ্ আবদুল করিমের সঙ্গীত পরিবেশন করেন-সিলেটের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, বাউল কালা মিয়া, বাউল সূর্যলাল, মিতালী চক্রবর্তী, অরুণ কান্তি তালুকদার, মীনাক্ষী দেব, তন্বী দেব, কাকলী দত্ত মুন্নী, আবুল কালাম আজাদ, তানজীদা হক তালুকদার। এছাড়াও,দলীয় সঙ্গীত পরিবেশন করে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি ।
উল্লেখ্য, শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
/এআর/








