ইন্দোনেশিয়া থেকে আনা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা মোংলায় পৌঁছেছে। গত ৩১ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটি রবিবার (২৫ জুন) বিকাল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর জেটিতে ভিড়ে।
এরপর সন্ধ্যা ৬টা থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়। লাইটারেজে করে খালাস করা কয়লা নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর সেখান থেকে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে।
এর আগে চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, গত ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের আসে জাহাজটি।








