বগুড়া সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে হাসান মিয়া (২৩) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু্জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- সদর উপজেলার নামুজা ইউনিয়নের ঢলমহনি মধ্যপাড়া গ্রামের ইয়াকুব আলী ও রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব আলী ও রফিকুল ইসলামের কিছু টাকা চুরি হয়। এই টাকা চুরির অভিযোগ তোলেন প্রতিবেশি মন্টু মিয়ার ছেলে হাসান মিয়ার বিরুদ্ধে। গত ৬-৭ দিন আগে তারা বাড়ি থেকে হাসানকে ধরে আনেন। তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রাখেন। ইয়াকুপ ও রফিকুল লাঠি দিয়ে তাকে পেটাতে থাকেন আর চুরির কথা স্বীকার করতে বলেন।
এ বিষয়ে নামুজা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, তিনি চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ধরে এনে নির্যাতনের কথা লোকমুখে শুনেছেন।
এদিকে নির্যাতনে একটি ভিডিও সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ জড়িতদের ধরতে অভিযানে নামে। সোমবার ইয়াকুব আলী ও রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।









