মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে পরীক্ষা ও রোগ নির্ণয়ের অপরাধে নোয়াখালী সদর উপজেলায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৭ আগস্ট) বিকালে মাইজদী হাসপাতাল রোডের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে বিভিন্ন টেস্ট করে সাধারণ রোগীদের রিপোর্ট দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার বিকালে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় ল্যাবে ব্যবহৃত বিভিন্ন রিএজেন্টের মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’








