দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত এবং বাসের চালক ও হেলপারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের লক্ষীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দ্বিনেশ রায় মাস্টার (৬৫)ও তার স্ত্রী শ্যামা লতা রায় (৬০)। তাদের বাড়ি চিরিরবন্দর উপজেলার বড় বাউল এলাকায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বলেন, দিনাজপুর থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক দ্বিনেশ রায় মাস্টার ও তার স্ত্রী শ্যামা লতা রায় নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী নিহতের শ্যালিকা।
এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও হেলপারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
/জেবি/এফএস/







