মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের শান্তি ও উন্নয়ন সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষকলীগ এ শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকেই শহরের প্রধান সড়কে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারীদের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিল। সন্ধ্যার কিছু আগে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সংসদ সদস্য। সে সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ পৌরসভার-৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন এবং পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের লোকজন বাকবিতন্ডায় জড়ান। পরে এ ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে তিন জন আহত হন।
আহতদের মধ্যে মোহাম্মদ সজল (২২) নামে একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মোহাম্মদ রুবেলসহ দুই জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মকবুল হোসেন বলেন, ‘কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। বিষয়টি তারা মীমাংসা করে ফেলেছেন।’
জাহিদ হাসান জানান, এ ঘটনায় একজন গুরুতর আহতসহ তার তিন কর্মী আহত হয়েছেন। মূলত চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সমাবেশে আসা দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দু-তিন জন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









