নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) কামরুন্নাহারের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে শুনানি শেষে আদালত এ তারিখ নির্ধারণ করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে আনা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র আইনের পৃথক তিনটি মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বুধবার আদালত শুনানি শেষে ১৩ এপ্রিল সাক্ষ্য শুনানির দিন ধার্য্য করেছেন।
উল্লেখ্য, এর আগে নূর হোসেনের বিরুদ্ধে সাত খুনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়। ওই দুই মামলার বিচার কার্যক্রমই শুরু হয়েছে।
/বিটি/এফএস/








