বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে আসেনি, এটা তাদের ইচ্ছা। কিন্তু মানুষের ভোটের অধিকারে বাধা দেওয়া জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা। এই বাংলাদেশ তরুণ সমাজ শিক্ষায়-দিক্ষায় প্রযুক্তি জ্ঞানে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। স্মার্ট জনশক্তি, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলবো।’
নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কা আমাদের মার্কা। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। মহাপ্লাবনে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে। এই নৌকা আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘উন্নয়নের যাত্রা একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ধরে রাখতে পারবে না। কারণ দেখেছি, বিএনপি ক্ষমতায় এসে যতটুকু উন্নতি করেছিলাম তা ধ্বংস করেছে। আর কেউ এ দেশের উন্নতি করবে না।’
খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যার যতটুকু জমি আছে উৎপাদন করবেন। আমাদের খাদ্যের সংস্থান আমাদের করতে হবে। কেউ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না।’
জনসভায় আরও উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রমুখ।









