গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহমুদুজ্জামান মল্লিক লিমন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার বরমী-কাওরাইদ সড়কের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুজ্জামান শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের সেনাসদস্য হালিম মল্লিকের ছেলে। তিনি টঙ্গীতে বাটা সু কোম্পানিতে চাকরি করতেন। আহত যুবক তার বন্ধু মোস্তাক আহমেদ ইমন (২২) একই গ্রামের মনিরুজ্জমানের ছেলে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের প্রতিবেশী চাচা মিজানুর রহমান মল্লিক জানান, লিমন ও ইমন স্থানীয় ত্রিমোহনী বাজার থেকে মোটরসাইকেলে বাপ্তা গ্রামে তাদের বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সামনে থাকা ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিমন নিহত এবং তার বন্ধু ইমন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমাউল হুসনা জানান, লিমনকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনায় গুরুতর আহত ইমনকে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









