বগুড়ায় আইএফআইসি ব্যাংকের মাটিডালি উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা লুট হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার রাতে শহরের মাটিডালি এলাকায় এ ঘটনা ঘটে।
উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ জানান, ব্যাংকিং কার্যক্রম শেষে বুধবার বিকালে কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে তারা এসে দেখেন সিন্দুক ভাঙা। বুধবার রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে ব্যাংকে ঢুকে সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুট করেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, বগুড়া শহরের মাটিডালি এলাকায় দ্বিতল ভবনে আইএফআইসি ব্যাংকের উপশাখা রয়েছে। সেখানে ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তা এবং দুই কর্মচারী কর্মরত। রাতে নিরাপত্তার জন্য কোনও নৈশপ্রহরী নেই।
সদর থানার ওসি জানান, ব্যাংকের ওই উপশাখায় কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বুধবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঢুকে সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে।
এর আগে গত ২৬ জানুয়ারি রাতে বগুড়া সদর উপজেলা পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে নয় লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢুকে সিন্দুক কেটে টাকা নিয়ে যায়।









