আন্দোলনের নামে সহিংসতার ঘটনা প্রতিরোধে এবং পর্যটন শহর কক্সবাজারে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ‘কক্সবাজার জেলা নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আহ্বায়ক করে ১৪ দলীয় জোট এ কমিটি ঘোষণা করে।
বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য (এমপি) ও হুইপ সাইমুম সরওয়ার কমল এ ঘোষণা দেন।
সাইমুম সরওয়ার বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নামে কক্সবাজারসহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে একশ্রেণির দুর্বৃত্ত। এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য কক্সবাজার জেলা ‘নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। ১৪ দলীয় জোটের একাধিক বৈঠকের পর এ কমিটি গঠন করা হয়। পরে ২০১ সদস্য বিশিষ্ট উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ও সাবেক এমপিসহ ৩০ জন উপদেষ্টা রয়েছেন। পর্যটন নগরী কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিটি সব সময় কাজ করবে।’
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেন, ‘কক্সবাজার নাশকতা প্রতিরোধ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আগামী প্রজন্মকে সচেতন করা।’
কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ‘সারা বিশ্বে কক্সবাজারের একটি সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে এবং জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ কমিটি কাজ করবে। একই সঙ্গে কক্সবাজারকে শান্তিপূর্ণভাবে বসবাসের উপযোগী করার লক্ষ্যে কাজ করবে।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আমাদের ছিটকে ফেলার জন্য বারবার আক্রমণ করছে।’
জেলা জাসদ সভাপতি মো. হোসেন মাসু বলেন, ‘ছাত্র আন্দোলনের ব্যানারে একশ্রেণির নাশকতাকারী চক্র আমাদের জেলা অফিস ভাঙচুর করেছে। সহিংস ঘটনার ভিডিও ফুটেজ দেখে সদর মডেল থানায় ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে জাসদ সব সময় পাশে থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদুসহ ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরা।









