জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। এজন্য সংস্কারকাজে বেশি সময় নেওয়া যাবে না। এসব সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার ওই খুনের মাস্টারমাইন্ড ও ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। তারা অরাজকতা ও নৈরাজ্য করবে। ৫ আগস্টের পরও বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিস্টরা। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।’
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলটির জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাষ্ট্রযন্ত্রের সব অঙ্গ দুর্নীতি ও দলীয়করণে নষ্ট হয়ে গেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘এগুলোর সংস্কার জরুরি। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংস্কারের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। আমরা একের পর এক এসব প্রস্তাব দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর প্রতিবেদন জমা হওয়ার সম্ভাবনা আছে। সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’
সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করেছে জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন; প্রশাসন সংস্কার করুন। রাষ্ট্রযন্ত্র থেকে এই দলীয়করণ, দুর্নীতি ও জরামুক্ত করুন। তাহলে দেশের জনগণ বুঝতে পারবে, নির্বাচন সঠিক সময়ে হয়েছে।’
জামায়াতের জেলা শাখার আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) মুহাম্মদ উজ্জত উল্লাহ এবং ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রমুখ।









