দুই দশক পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন সিলেট সফরে। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে দুই প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। তার অবর্তমানে ছেলে তারেক রহমানও একইভাবে শুরু করবেন প্রচারণা। স্বাভাবিক কারণেই দলের চেয়ারম্যানের সফর নিয়ে সিলেটে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তার সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘২২ জানুয়ারি সারা দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে। এদিন সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন আমাদের চেয়ারম্যান। ১৯৯১ সালের পর বিএনপি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে, সবগুলোর প্রচারণা পুণ্যভূমি সিলেট থেকে শুরু করতেন আমাদের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতা আমাদের চেয়ারম্যান তারেক রহমানও বজায় রাখছেন।’
তিনি বলেন, ‘সিলেটের মানুষ সৌভাগ্যবান যে, দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেট থেকে প্রচারাভিযান শুরু করছেন। পাশাপাশি সিলেটের সঙ্গে তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। অতিথিপরায়ণ হিসেবে সিলেটের খ্যাতি সর্বত্র। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মী তথা সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন।’
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিলেট সফর কর্মসূচি সফল করতে দলের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে এ বিএনপি নেতা জানান, মঙ্গলবার তারা সিলেট ও সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন। বৈঠকে তারেক রহমানের সমাবেশে লোক সমাগমসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান ২০০৫ সালে সর্বশেষ সিলেট সফর করেন। সে সময় তিনি সিলেট স্টেডিয়ামে একটি কর্মী সমাবেশে যোগ দেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। ৯ জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যান নিযুক্ত হন।’
সফরসূচিতে যা থাকছে
দলীয় সূত্র অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।
বিএনপির প্রস্তুতি
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনি প্রচারণার জনসভায় ব্যাপক জনসমাগম ঘটাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ৩টায় সিলেট নগরীর লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








