অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট বিভাগের সবচাইতে বড় চিকিৎসা প্রতিষ্ঠান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।  কর্মস্থলের নিরাপত্তা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ ‘আলাদা চিকিৎসক স্কোয়াড’ গঠন করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

 হাসপাতালের একটি সূত্র জানায়, শুক্রবার রাত দিবাগত ১০টার দিকে হাসপাতালের ৬নং ওয়ার্ডে তিন জন রোগী একসঙ্গে ভর্তি  হতে আসেন। এ সময় রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি দ্রুত তার রোগীকে ভর্তি করে দিতে সেখানে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের ওপর চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ওই ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের সঙ্গে তর্কে জড়ান।  বিতণ্ডার একপর্যায়ে  শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরতদের ওপর হামলা চালান ওই রোগীর স্বজনরা। হামলায় এক নারী শিক্ষানবিশ চিকিৎসক হেনস্তার শিকার হন এবং ওয়ার্ডে দায়িত্বরত কয়েকজন কর্মী মারধরের শিকার হন।

খবর পেয়ে তাৎক্ষণিক দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলার সঙ্গে সম্পৃক্ত এক নারীসহ তিন জনকে আটক করেন। পরে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনসহ তিন জনকে বেধড়ক পেটান বলে অন্য একটি সূত্র জানায়। খবর পেয়ে পুলিশ  গভীর রাতে ওই তিন জনকে হাসপাতাল থেকে নিয়ে যায়। বর্তমানে তাদের মধ্যে দুজন নগরীর অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ প্রতিবেদককে বলেন, ‘হামলার ঘটনায় নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।’

তিনি বলেন, ‘হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। আলাদা চিকিৎসক স্কোয়াড গঠন করে হাসপাতালের চিকিৎসাসেবা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও স্টাফদের মধ্যে তর্ক এবং মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশের কয়েকটি দল হাসপাতালে যায়। হামলার ঘটনায় কয়েকজন আটক আছেন। হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর আছে।’ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি মন্তব্য করেন।

কোতয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, দোষীদের খুঁজে বের করতে তারা কাজ করছেন। শিগগিরই এ বিষয়ে তারা সফল হবেন।

আন্দোলনে থাকা ইন্টার্ন চিকিৎসক মার্জিয়া আলম বলেন, ‘দায়িত্বরত চিকিৎসককে সেবা দিতে হলে অনেক কিছু প্রক্রিয়া রয়েছে হাসপাতালের। রোগীরা অনেক ক্ষেত্রেই সেই প্রক্রিয়া অনুসরণ করেন না। আমাদের নারী চিকিৎসককে হেনেস্তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা একেবারেই ন্যক্কারজনক। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের সেবার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না। রোগীদের সেবা চলমান রয়েছে। হাসপাতালে আমাদের ইনডোর মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারসহ দায়িত্বরতরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।’

তবে রোগীদের সেবার ক্ষেত্রে ঘটনার সময় চিকিৎসকের দায়িত্বে গাফিলতি থাকলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মবিরতির বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের শীর্ষস্থানীয়দের আমরা ডেকেছি। তাদের সঙ্গে কথা বলে আমরা কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানাবো।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল জানান, ৯শ বেডের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার রোগী ভর্তি থাকেন। এ কারণে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে তাদের গলদঘর্ম হতে হয়।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী