চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করে মহানগরী এলাকা থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত এসব দুষ্কৃতকারী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএমপি সূত্র জানায়, মহানগর এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবেই এই বহিষ্কার আদেশ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির ৩৩০ জনের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, তালিকায় আছে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান, হেলাল আকবর চৌধুরী বাবরের নাম। একইভাবে তালিকায় স্থান পেয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফরাজ করিম চৌধুরী, এম এ লতিফ, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলরের নাম।
তালিকায় থাকা ৩৩০ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলো– জাহেদ জাহিদ পিচ্চি জাহিদ (২৯), মুন্না খান (৩৫), রাজীব দত্ত রিংকু (৩৮), শওকত আজম খাজা (৪৫), মো. মোস্তফা আ. শফি (৪৫), মোহাম্মদ হানিফ (৪২), আনিসুল হক ওরফে রুবেল প্রকাশ আনিস (৩০), ইদু মিয়া ইদু ওরফে হাত কাটা ইদু (৪০), সাইফুল (৩৫), মো. হাসান ওরফে হাসান (৩২), দিদারুল আলম মাসুম, জাহিদ কালা জাহিদ (৩০), আলী হোসেন (৩৬), আবীর সেন ওরফে আবির সেনগুপ্ত (২৫), নাজিম উদ্দিন ওরফে কট নাজিম (৩১), মাবুদ খান মানিক (২৮), হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, সাইফুল আলম লিমন (৩৫), রিটু দাস বাবলু (৫৬), ফরহাদুর ইসলাম রিন্টু (৪০), কামরুল হাসান (৩৫), মো. মকবুল (৩৫), মো. শুকুর (৩৭), শিবু প্রসাদ চৌধুরী (৪০), হুমায়ুন কবির রিকু (৪০), মো. হাসান (৩৬), শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৫), আব্দুস সোবহান (৩৬), ইউসুফ ওরফে হিরন (২৫), সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ (৩৬), খোরশেদ (৪৫) ওরফে খালতো ভাই খোরশেদ, রায়হান (৩৫), বোরহান (২৭), মোবারক হোসেন ইমন (২২), মোহাম্মদ বোরহান উদ্দিন (২৯), গোলাম সামদানী জনি ওরফে হাড্ডী জনি, সালেহ আহমেদ ডিগল, নাহিদুল ইসলাম মজুমদার (৫৯), শাহাদাৎ হোসেন ওরফে চুজু (২০), মো, সোহেল ওরফে সেন্ট্রার সোহেল (২৬)।









