রাজধানীর সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও দুটি মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি নারী ও শিশুর হতে পারে। এর আগে একই স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের ভেতরে দুই মরদেহের সন্ধান পায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর ১৯ ডিসেম্বর দুপুরে একই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তবে নিহত ওই তিন জনের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।








