ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন– ঢাকার মুগদা এলাকার হারু মিয়ার ছেলে আরিফ এবং ফরিদপুরের মামুন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। তারা পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর কেয়টখালী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে চালক ও আরোহী গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।









