পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলেন জামায়াতের নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলামসহ নেতাকর্মীরা আহত হন। তাদের মধ্যে চার জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফিরছিলেন তারা। পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আহত নেতাকর্মীদের দেখতে যান পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বলেন, ‘নেতাকর্মীদের ওপর হামলা কখনোই কাঙ্ক্ষিত নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে।’
আটোয়ারীর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কর্মীরা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনও কোনও পক্ষের অভিযোগ পাইনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।’









