কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দ মালামালের মধ্যে ভারতীয় মাদক, পাতার বিড়ি এবং ওষুধের অবৈধ চালান রয়েছে। এসব চোরাচালানি পণ্যের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযানে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ এবং প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ও সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির সদস্যরা অংশ নেন।
এ ছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল এলএসডি উদ্ধার করা হয়।








