মালয়েশিয়া থেকে অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও দুটি জাহাজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফাত হামিম বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাতে ২৬ হাজার টন অকটেন নিয়ে মালয়েশিয়া থেকে এমটি সেন্ট্রাল স্টার নামে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।’
তিনি জানান, জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর অকটেন নিয়ে দেশে পৌঁছানো এটিই প্রথম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে। তেল এসেছে মালয়েশিয়া থেকে।
অন্যদিকে, ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটি এখন বন্দরের চার্লি অ্যাংকরেজে রয়েছে।









