‘কম কথায় সব কথা’ স্লোগানকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় দেশের দ্রুত অগ্রসরমান অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল রিয়াজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি এম. হারুন-অর-রশিদ রিংকু।
বক্তারা, বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু বলেন, একসময় কাগজের পত্রিকা মানুষ আর পড়বে না। যখনকার ঘটনা তখন জানতেই মানুষ এখন বেশি আগ্রহী। তাই দিন দিন অনলাইন গণমাধ্যমের বিকাশ ঘটছে। ভবিষতেও এ ধারা অব্যাহত থাকবে। বাংলা ট্রিবিউনের মতো প্রথম সারির অনলাইনগুলো দেশের অনলাইন গণমাধ্যম জগতে নেতৃত্ব দেবে এটা সময়ের অপেক্ষা মাত্র।
এসময় তিনি আরও বলেন, মফস্বলের সংবাদগুলোকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশ করলে পত্রিকার ভাবমূর্তির পাশাপাশি জেলা প্রতিনিধির ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাই প্রকাশকদের প্রতি মফস্বলের সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আরও পড়ুন: দুই বছর পূর্তি তিন বছরে পা
/টিএন/আপ-এমও







