নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে বুধবার ১১ জেলেকে আটক করে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম। এর মধ্যে ৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কাসেম, আবু তাহের, আবদুল, সোহেল, রিয়াজ ও ফারুক।
ভোলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম ভোলা সদরের মেঘনায় বুধবার অভিযান চালায়। এ সময় ভোলা সদরের ভাংতির খাল, রামদাসপুর ও ভোলার খাল পয়েন্টে অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করে। এদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দেন। অন্যদিকে আটক অন্য ৫ জন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
/এফএস/








