পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের ‘অবহেলার কারণে’ স্নাতক শ্রেণির ১০২ জনের নিবন্ধন সম্পন্ন করতে না পারায় বুধবার সাফা কলেজ ও বাজার এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ ঘটনার জন্য তারা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়ী করছেন বলে জানা যায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারক লিপি দিয়েছেন।
জানাগেছে, সাফা ডিগ্রি কলেজের ২০১৫-১৬ শিক্ষা-বর্ষে ১০২ জন শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষে ভর্তি হয়।
শিক্ষার্থী রাসেল মিয়া ও রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানায়, ভর্তির সময় কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণজিৎ চন্দ্র মিস্ত্রী ও ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক বাদশা মিয়ার কাছে শিক্ষার্থীরা জনপ্রতি নিবন্ধন ও অন্যান্য খরচ বাবদ এক হাজার ৫শ’ টাকা থেকে দুই হাজার টাকা করে দিয়েছিলেন।
তারা জানান, ওই টাকা নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জমা না দেওয়ায়, তাদের কাঙ্ক্ষিত নিবন্ধনটি সম্পন্ন হয়নি এবং তা না হওয়ায় বর্তমানে তাদের উচ্চ শিক্ষা গ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে।
সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহবায়কের অবহেলার কারণে শিক্ষার্থীদের নিবন্ধন সম্ভব হয়নি। এ কারণে তাদের লেখাপড়া আজ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এব্যাপারে ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক মো. বাদশা মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, আমি ওই সময় কলেজের অন্য কাজে ব্যস্ত থাকায় রেজিস্ট্রেশনের ব্যাপারে খোঁজ রাখতে পারিনি।
যোগাযোগের জন্য একাধিকবারে চেস্টা করেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিৎ চন্দ্র মিস্ত্রীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
/এইচকে/






