বরিশাল নগরীর মুসলিম গোরস্তান রোডের ঐতিহ্যবাহি শিববাড়ির মাঠ দখল ও এর পুকুরটি ভরাট করা হচ্ছে । এর প্রতিবাদে একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী, পাশে থাকা ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা এই মাঠ ও পুকুরটি রক্ষার দাবিতে শুক্রবার (৮ জুলাই) বেলা ১১ টায় মানববন্ধন করেছেন ।
মাঠ দখল ও পুকুর ভরাটকারী নগরীর ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম বলছেন তিনি মাঠ ও পুকুরের জমি কিনেছেন। তার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।
শুক্রবার মানববন্ধনে নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আবদুল আউয়াল বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে এ স্কুলের মেয়ে শিক্ষার্থীরা জেলায় রানার্স-আপ হয়েছে। আর ১৯৬৩ সালে এলাকার সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য গড়ে ওঠা সাংস্কৃতিক মজলিশ ক্লাবটির সদস্যরা ক্রিকেট খেলায় এবার চ্যাম্পিয়ান হয়েছে। তারাও এই শিববাড়ির মাঠে ক্রিকেটের অনুশীলন করে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থী তাদের খেলার একমাত্র মাঠ এটা। এই মাঠ দখল হলে শিক্ষার্থীদের খেলার কোনও জায়গা থাকবে না।’
মানববন্ধনে অংশ নেওয়া এলাকার বাসিন্দা মিজান খসরু বলেন, এটা উপেন্দ্র কুমারের বাড়ি। সম্পত্তি দেবোত্তর শিববাড়ি নামে। ভুয়া কাগজ তৈdv করে এখন মালিকানা দাবি করা হচেছ।
কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার গবেষণা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, পরিবেশ আইনে স্পষ্ট উল্লেখ আছে সিটি করপোরেশন বা পৌর এলাকার কোনও জলাশয় ভরাট করা যাবে না। এটা যারা করছে তারা আইন বিরোধী কাজ করছেন।
পুকুর ভরাটকারী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল ইসলাম বলেন, ‘৩৭ শতাংশের মাঠ ও পুকুরের জমির মধ্যে আমি ৩৪ শতাংশ কিনেছি। আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে।’
তবে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতিরেকে কেন জলাশয় ভরাট করছেন এর জবাবে নূরুল ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করেছি। এখন অনুমোদনের অপেক্ষায় আছি।পুকুরে এখনও মাটি ফেলা হয়নি। শুধুমাত্র মাঠের মধ্যে কিছু মাটি ফেলা হয়েছে।’
/এআর/








