বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। মেঘলা আকাশের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকত এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কলাপাড়া রাডার স্টেশনের এক কর্মকর্তা জানান, সুস্পষ্ট লঘুচাপের কারণে সাগরে মেঘমালা ভেসে বেড়াচ্ছে। তাই আবহাওয়া আরও কয়েকদিন প্রতিকূল থাকবে এবং ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাগরে মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানান আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।







