বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১১ জেলেকে আটক করা হয়েছে। জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, মৎস সম্পদ রক্ষায় গত ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকির জন্য মৎস বিভাগ এবং নৌ পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করেছে।
তিনি জানান, এই অভিযানে ১১ জেলসহ ৪০ কেজি ইলিশ ও ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে, বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সৈয়দ মোজাম্মেল হক চৌধুরী প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।
এদিকে বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান জানান, গত ৬ অক্টোবর পর্যন্ত বিভাগের ছয় জেলার ১৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৬ শ’ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ৭৭৫ কেজি ইলিশ ও ১২ লাখ ৯৬ হাজার ৬ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১ অক্টোবর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৫৩৬টি অভিযান ও ২৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ১৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত তিনটি নৌকা ও দুইটি ট্রলার জব্দ করা হয়েছে।
আরও পড়তে পারেন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত







