পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মফিজুর রহমান (২৮)। সোমবার (১৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তরুণ উপজেলার দক্ষিন আয়নাবাজ কালাইয়া গ্রামের জয়নাল বয়াতির ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মৃধা বলেন, 'সোমবার সকালে মফিজের লাশ স্থানীয় আয়নাবাজ প্রাথমিক বিদ্যালয় সড়কের একটি বিদ্যুতের খুঁটির পাশে পরে থাকতে দেখে লোকজন। এরপর তারা পুলিশে খবর দেয়। সম্ভবত হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।'
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, 'মফিজুরকে উদ্ধারের সময় তার হাতে পোড়া দাগ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'







