প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এ আন্দোলন শুরু করে বিসিসি কর্মকর্তা-কর্মচারীরা । আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না ।
চলাকালীন কর্মবিরতি কর্মসূচীর ধারাবাহিকতায় রবিবার (৪ মার্চ) সকালে আন্দোলনকারীরা কাজে যোগ না দিয়ে নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নেয়। এসময় আজ সোমবার (৫ মার্চ) নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা। প্রয়োজনে ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচিও দেওয়া হতে পারে বলে জানান আন্দোলনকারী নেতারা।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিসিসিতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। স্থায়ীরা সর্বশেষ বেতন পেয়েছে জানুয়ারি মাসে, তা-ও সেটা গত বছরের আগস্ট মাসের বেতন । সে হিসেবে এখন পর্যন্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া দৈনন্দিন মজুরি ভিত্তিক কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের ২৩ মাসের অর্থ বরাদ্দ হয়ে ব্যাংকে যায়নি।
এর আগে ২৬ ফেব্রুয়ারি মেয়র আহসান হাবিব কামাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান তুলে ধরেন। তিনি বিগত মেয়রদের আমলে সামর্থাতিরিক্ত জনবল নিয়োগ ও তহবিল স্বল্পতাকে এ সংকটের জন্য দায়ি করেন। তবে চরম অব্যবস্থাপনা, অযোগ্যতা, অদক্ষতা ও দুর্নীতির কারণেই সিটি করপোরেশনের এ বেহাল অবস্থা বলে জানান আন্দোলনকারীরা।






