আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে কে আসবে, আর কে না আসবে এটা আমাদের দেখার বিষয় নয়। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’ শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মোল্লারহাট আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি নানা ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘তারা দেশের সম্পদ নষ্ট করেছে, জ্বালাও-পোড়াও করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে। ওই সময় তাদের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছিল। ২০১৪ সালের অবস্থা আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।’
মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।








