আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ‘বিএনপির প্রার্থী নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কাসহ প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার মিথ্যা নাটক করছে। এটা তাদের পুরনো অভ্যাস। মূলত নৌকার পক্ষে গণজোয়ার দেখে বিএনপির প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব মিথ্যাচার করছে।’
বুধবার (২৫ জুলাই) বরিশাল নগর ভবনে গণসংযোগ করতে এসে এসব কথা বলেন তিনি।
সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বরিশালে খুবই সুন্দর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। এখনও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করছি বরিশালে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সাদিক আব্দুল্লাহ আরও বলেন, ‘ইনশআল্লাহ ৩০ জুলাইয়ের নির্বাচনে নগরবাসী উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করবেন।’
অন্যদিকে সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের পক্ষে এক পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের নির্বাচনি ব্যবস্থা উন্নয়নের জন্যই বিএনপি সিটি নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।’
এদিকে বুধবা বরিশাল নগর ভবনে গণসংযোগ করতে আসেন ধানের শীষ মার্কা প্রতীক প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত। তবে নির্বাচনে সমতাপূর্ণ মাঠ নেই। দিন দিন পরিবেশ আমাদের প্রতিকূলে চলে যাচ্ছে। পুলিশ প্রতি রাতে বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে হানা দিচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে আমাদের কয়েকজন কর্মীকে কোনও কারণ ছাড়াই গ্রেফতার করেছে। যেখানে উচ্চ আদালত কোনও মামলা ছাড়া কাউতে গ্রেফতার না করার জন্য আদেশ দিয়েছেন সেখানে পুলিশ সেই আদেশ মানছে না।’








