১১ মাসের বকেয়া বেতন ও ২টি বোনাস আগামী ১০ দিনের মধ্যে পরিশোধসহ ৪ দফা দাবিতে বরিশাল নগর স্বাস্থ্যকেন্দ্র ও নগর মাতৃসদন কর্মীরা সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রেখে বিক্ষোভ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাউনিয়ায় নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রের সামনে প্রকল্পের ১০২ জন কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করে এ দাবি জানান।
প্রকল্পের সুপারভাইজার খলিলুর রহমান ও সাহেদ হোসেন জানান, ১৯৯৬ সালে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের নামে প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের আওতায় দেশের ১০টি সিটি করপোরেশন ও ৪টি পৌরসভার মাধ্যমে ২৫টি পার্টনারশিপ এলাকায় ১৩৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র ও নগর মাতৃসদন কেন্দ্র এবং ২২৪টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে শহর অঞ্চলের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া শুরু হয়। গত ১৮ বছর ধরে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রকল্প। অথচ বরিশালে এই প্রকল্পের আওতায় ১০২ জন কর্মী গত ১১ মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। সারা দেশে এই প্রকল্পে ২ হাজার ৮শ’ কর্মী রয়েছে।
তাদের চার দফা দাবির মধ্যে অপর ৩টি দাবি হচ্ছে ২০১৫ সালে সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ, প্রত্যেক কর্মীর চাকরি স্বপদে বহাল রাখা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বদলে স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করা।








