পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থী ডা. রস্তুম আলী ফরাজী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুর রহমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে মহাজোট প্রার্থীর সমর্থকরা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২০টি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ধানীসাফ ইউনিয়নের বুড়িরচড় গ্রামের তুষখালী লঞ্চঘাট চৌরাস্তা মোড়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের সমর্থক ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে রাজু মোল্লা (২৮), রুবেল (২৪), ফিলিপ তালুকদার (৩৫), শহিদুল (৩৩), মহারাজ তালুকদার (৪০) লিটন (৩৬), রিয়াজ (৩০) ও মামুন (৩৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাজু মোল্লা, ফিলিপ, মামুন ও রিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহাজোট প্রার্থীর সমর্থকদের আহত হওয়ার খবর ছড়িয়ে পরলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ২০টি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করে এবং ১০ জন সমর্থককে আহত করে। আহত ফারুক (৬০), মোতালেব (৫০), বেল্লাল (৩২) ও সৌরভকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এরপর তিনি বলেন, নির্বাচনি সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








