বরগুনার ২ আসনের ২৯২ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৪টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে ১৮০টি কেন্দ্রের মধ্যে ১০৯টিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এর মধ্যে বরগুনা সদরের ৯২টি কেন্দ্রের মধ্যে ৬৮টি, আমতলীতে ৫৯টি কেন্দ্রের মধ্যে ২১টি, তালতলীতে ২৯ কেন্দ্রের মধ্যে ২০টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বতোগী) আসনে ১১২টি কেন্দ্রের মধ্যে ৭৫টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পাথরঘাটায় ৫১টি কেন্দ্রের মধ্যে ৩৩টি, বেতাগীতে ৩৯টির মধ্যে ২৭টি, বামনায় ২২টির মধ্যে ১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বরগুনা ২ আসনে মোট ভোটার ৬ লাখ ৮২ হাজার ৭শ’ ৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৩শ’ ২৪ জন এবং নারী ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৪শ’ ৪৪ জন।
এ সূত্র আরও জানায়, বরগুনা-১ আসনে ৪ লাখ ১৪ হাজার ৪০২ জন ভোটার। এর মধ্যে সদর উপজলোয় ২ লাখ ৪০১ জন ভোটার, আমতলীতে ১ লাখ ৩৫ হাজার ৪৩২ জন, তালতলীতে ৬৫ হাজার ৫৬৫ জন। বরগুনা-২ আসনে ২ লাখ ৬৮ হাজার ৩শ’ ৬৬ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার বলেন, ‘নির্বাচন সম্পন্ন করার জন্য ব্যালট পেপারসহ সব সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ১৮৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুই জন অস্ত্রধারী পুলিশ, তিন জন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। ২ আসনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি উপজলোয় ১জন করে মোট ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের ১৪টি টিম, পুলিশের ১৪টি টিম, নৌবাহিনী ১৪ প্লাটুন এবং পর্যাপ্ত বিজিবি রয়েছে।’
জেলা পুলিশ সুপার মারুফ হাসান বলেন, ‘ভোটদান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।’








