ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ রবিবার (৩ মার্চ) থেকে বরিশালে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ মেলার আয়োজন করেছে।
রবিবার বিকালে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন– পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. রাকিব উদ্দিন খান, বরিশাল চেম্বার্স অব কমার্স-এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ জাহাঙ্গির হোসেন মানিক, বরিশাল (নাসিব) সহ-সভাপতি মো. আক্তার হোসেন, বরিশাল ডিস্ট্রিক উইমেন বিজনেস ফোরামের সভাপতি ডা. বনলতা মুর্শিদা প্রমুখ।
এর আগে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়; যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারের পণ্য মেলায় ৫০টি স্টল বরাদ্দ পেয়েছে।








